
ফাইল ছবি
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফিরেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে।
সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহজুড়ে ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আপাতত কমে যাওয়ায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকিও হ্রাস পেয়েছে। এর ফলে বাজারে বিক্রির চাপ বেড়ে দাম কমেছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরান-সংক্রান্ত ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার আবারও অস্থির হয়ে উঠতে পারে।