
ফাইল ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন (সৌদি সময়) পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন হাজি। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৩১১ জন।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসা কেন্দ্রগুলো সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে দেওয়া হয়েছে ২৭ হাজার ৪১০টি সেবা।
সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ২৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ৯ জন, কেয়ার মেডিক্যালে ৩ জন এবং অন্যান্য হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।