
লিওনেল মেসি (বামে) এবং মার্কোস সেনেসি (ডানে)
বিশ্বকাপ শুরুর ঠিক আগে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের অন্যতম ভরসা লিওনার্দো বালেরদি। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস সেনেসিকে।
বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটি জানিয়েছে, বালেরদি ডান পায়ের পেশিতে গুরুতর চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণের পর কোচ লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত সেনেসিকেই বালেরদির বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। এর আগে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি।
নতুন সদস্য হিসেবে মার্কোস সেনেসি শিগগিরই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।