
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসান এবং একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন। তবে তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া অনুমোদন করা হয়নি।
ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় স্বাক্ষর করেনি। তবে আলোচনার অগ্রগতি বিবেচনায় একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করছে।
আলোচিত এই প্রস্তাবিত শান্তি চুক্তির অন্যতম উদ্দেশ্য হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় নৌচলাচলের জন্য খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার করা। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখনো আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে পৌঁছেছে এবং তা অনুমোদিত হয়েছে। তিনি আরও দাবি করেন, এই তথ্যের ভিত্তিতে তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বোমা হামলা বাতিল করেছেন।
অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রাথমিক সমঝোতা স্মারকের খসড়াও এখনো অনুমোদিত হয়নি।
আরেক সংবাদ সংস্থা তাসনিম ট্রাম্পের বক্তব্যকে নাকচ করে বলেছে, তিনি অতীতেও এমন ঘোষণা দিয়েছিলেন, যার কোনো বাস্তব অগ্রগতি হয়নি। তাদের মতে, যতক্ষণ না তেহরান নিজে কোনো সমঝোতা ঘোষণা করছে, ততক্ষণ ট্রাম্পের এসব বক্তব্যকে কেবল আগের মতোই রাজনৈতিক মন্তব্য হিসেবে বিবেচনা করা উচিত।