
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। কানাডার টরন্টো স্টেডিয়ামে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন বলিউড তারকা ও আন্তর্জাতিক পারফর্মার নোরা ফাতেহি।
শুক্রবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে শুরু হবে এই আয়োজন। কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে বিশেষভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ।
এ সময় নোরা ফাতেহি তার ফিফার অফিসিয়াল গান ‘সির সির’-এর সহশিল্পী ভেজিড্রিম ও প্রযোজক সঞ্জয়ের সঙ্গে পরিবেশন করবেন বিশেষ পারফরম্যান্স। আয়োজকরা আশা করছেন, তাদের পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে।
নোরার পাশাপাশি মঞ্চে থাকবেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সংস্কৃতি ও বৈচিত্র্যকে তুলে ধরতে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ কাউন্টডাউন ও নান্দনিক উপস্থাপনায়।
কানাডায় বেড়ে ওঠা নোরা ফাতেহির জন্য এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। মরক্কো-কানাডীয় শিকড়ের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম গৌরবময় মুহূর্ত হিসেবে দেখছেন।