
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের তুলনায় দলের ঘোষিত ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব ও উন্নয়নমুখী। তিনি অভিযোগ করেন, সরকারি বাজেট বাস্তবতাবিবর্জিত এবং এটি জনগণের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে।
শুক্রবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বাজেট-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জামায়াত ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করে। গোলাম পরওয়ারের মতে, সরকারের প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট, যা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করাও কঠিন হবে।
তিনি বলেন, জামায়াতের ছায়া বাজেট জনকল্যাণ ও সুশাসনভিত্তিক রূপরেখা তুলে ধরেছে। একই সঙ্গে আগামী ৩০ জুন সংসদে বাজেট পাসের আগে তা সংশোধনের আহ্বান জানান তিনি। তার দাবি, বর্তমান বাজেটে ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা রয়েছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, করের আওতা বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে এবং দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কার্যকর পরিকল্পনা বাজেটে অনুপস্থিত। পাশাপাশি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
ব্যাংকিং খাতের অনিয়মের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান বাজেট পাস হলে অর্থনীতি আরও সংকটে পড়তে পারে। তাই জনগণের স্বার্থ বিবেচনায় বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।