
পপ তারকা অ্যারিয়ানা গ্রান্ডে
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্রান্ডে হোয়াইট হাউসকে তার গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। দেশটির অভিবাসন নীতির প্রচারে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে তার গান ব্যবহারের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
গেলো সোমবার হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে সীমান্ত নিরাপত্তা কর্মকর্তাদের কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওটির পটভূমিতে ব্যবহার করা হয় গ্রান্ডের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘বাই’। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘বিদায়… প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত নিশ্চিত করেছেন।’
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অ্যারিয়ানা গ্রান্ডে মন্তব্য করেন, ‘দয়া করে এই বর্বর, অমানবিক ও জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে আমার গানকে যুক্ত করবেন না।’
তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘যারা অবৈধভাবে দেশে প্রবেশ করে নিরীহ মার্কিন নাগরিকদের হত্যা ও আহত করেছে, তারাই প্রকৃত অর্থে বর্বর, অমানবিক ও জঘন্য।’
ভিডিওটি প্রকাশের কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংস্থাগুলোর জন্য ৭০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের একটি বিল আইনে পরিণত করেন। তার মেয়াদের বাকি আড়াই বছরের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
ভিডিওতে সীমান্ত কর্মকর্তাদের বিভিন্ন ব্যক্তিকে আটক, গাড়িতে তোলা এবং আটক কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়।
গ্রান্ডের মন্তব্য প্রকাশের পর ভিডিওটির শব্দ বন্ধ করে দেওয়া হয় এবং তার মন্তব্যও সরিয়ে ফেলা হয়। পরে অনেক ব্যবহারকারী মন্তব্য করে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে আরও কয়েকজন শিল্পী ট্রাম্প প্রশাসনকে তাদের গান রাজনৈতিক বা সরকারি প্রচারণায় ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় আবা, সেলিন ডিওন ও বিয়ন্সে-সহ বেশ কয়েকজন শিল্পীও ট্রাম্পের প্রচার শিবিরকে তাদের গান ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন।