
সংগৃহীত ছবি
নভেম্বরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রস্তুতি জোরেশোরে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের কারণে দীর্ঘদিন ধরে আর্থিক চাপ তৈরি হয়েছে, যা আগের সরকারের সময়ের চুক্তির ফল। এসব বিষয়ে আইনি ও নীতিগত পর্যালোচনা চলছে এবং সংশ্লিষ্ট চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিতরণ ব্যবস্থার উন্নয়ন সেই হারে হয়নি। ফলে অনেক এলাকায় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। বিতরণ ব্যবস্থার দুর্বলতাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি জানান, সমস্যা সমাধানে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।