
ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫৫১ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে, আর নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জনে পৌঁছেছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৯৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ২৭৫ জন রোগী।
অন্যদিকে, শুধু গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ১ হাজার ১৫৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।