
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টায় বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশানের সরকারি বাসভবন থেকে কড়া নিরাপত্তায় বিমানবন্দরে পৌঁছান সরকারপ্রধান। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
কক্সবাজার পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনব্যাপী সরকারি কর্মসূচি শুরু করবেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এরপর চকোরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মাছুমঘাট সংরক্ষিত বনে একটি চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ঐতিহাসিক ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় গমনাগমন করবেন। সেখানে ২৪’র জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীরত্বপূর্ণ আত্মত্যাগ করা অন্যতম প্রধান শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তিনি। কবর জিয়ারত শেষে শহীদ ওয়াসিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন সরকারপ্রধান। এরপর তিনি ওই এলাকায় নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নতুন মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর তিনি মেরিন ড্রাইভ সড়ক ও নয়নাভিরাম সমুদ্র সৈকত পরিদর্শন করবেন।
সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে রাতেই বিশেষ বিমানে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।