
বিএনপির রাজনীতি মানুষের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকালে কক্সবাজারের পিএমখালীতে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের কৃষক সমাজ এবং নারী শিক্ষার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনার কথা তুলে ধরেন।
পথসভায় দেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কৃষক ভাইদের পাশে সরাসরি দাঁড়ানোর লক্ষ্যেই এই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের প্রান্তিক কৃষকদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার সুবিধার্থে এককালীন ২ হাজার ৫০০ টাকার একটি আর্থিক সহায়তা প্রদান করব। আমরা সেই কথা রাখছি; খুব শিগগিরই বিশেষ ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের হাতে এই টাকা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গ্রামে-গঞ্জে মিলিয়ে বাংলাদেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষই খেটে খাওয়া। এই বিশাল জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করা ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অতীতে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ঐতিহাসিক ব্যবস্থা করে দিয়ে গেছেন।
নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়, তবে তারা পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশও এগিয়ে যেতে পারবে না। সে কারণেই বর্তমান সরকার নারীদের স্নাতক (পাস) ও ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য আমরা বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও রেখেছি।”
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান পিএমখালীর যে সুনির্দিষ্ট স্থানটিতে দাঁড়িয়ে কোদাল হাতে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন, ঠিক ৪৭ বছর পর সেই একই স্থানে দাঁড়িয়ে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তাঁরই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। খালের খনন কাজ উদ্বোধন শেষে তিনি সেখানে একটি স্মারক গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকার ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ।