
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দলের ভক্তদের মাঝে কথার লড়াই চললেও, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থনে এই দুই তারকা এক বিন্দুতে মিলেছেন।
আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি বিশেষ পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই ঐতিহ্যবাহী জার্সিতে ধরা দেওয়া এই অভিনেত্রীর ছবিটি প্রকাশের পর পরই তাঁর ভক্ত ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ছবির ক্যাপশনে বুবলী তাঁর অনড় অবস্থানের কথা জানিয়ে লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি বর্তমান সমর্থনই নয়, সেই সাথে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
চলতি বিশ্বকাপ উপলক্ষে বুবলীর মতোই ব্রাজিলের প্রতি কোমর বেঁধে সমর্থন জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। নিজের প্রিয় দল সম্পর্কে যুক্তি দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য কোথাও পাওয়া যায় না।’
এদিকে হেক্সা মিশনের লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে আগামীকাল রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে সেলেসাওরা, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মরক্কো।