
ইরানের জনগণ যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই। তার মতে, আমেরিকার প্রতি এই অনাস্থা কোনো সাময়িক আবেগ নয়; বরং দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা ও তিক্ত বাস্তবতার ফল।
শনিবার (১৩ জুন) ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মোহসেনি-এজেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের ইতিহাসই দেশটির জনগণের মধ্যে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে।
গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ইরানিদের এই অবস্থানের পেছনে বহু বছরের অভিজ্ঞতা কাজ করছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো সেই ধারণাকে আরও দৃঢ় করেছে।
বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরান শত্রুদের মোকাবিলায় সফল হয়েছে এবং আগ্রাসনের জবাব দিতে সক্ষমতা দেখিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের অন্যতম সদস্য ছিলেন গোলাম হোসেইন মোহসেনি-এজেই।