
সংগৃহীত ছবি
সীমান্ত পরিস্থিতি ও ভারত থেকে কথিত ‘পুশইন’ ইস্যুতে জাতীয় সংসদে পূর্বনির্ধারিত আলোচনা হঠাৎ স্থগিত করায় প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের উত্থাপিত নোটিশের ভিত্তিতে রোববার বাজেট আলোচনার পর বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। তবে অধিবেশনের দিন সংসদ সচিবালয় জানায়, স্পিকারের নির্দেশে অনিবার্য কারণে আলোচনা স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে মীর আহমেদ বলেন, আলোচনা স্থগিতের কারণ সম্পর্কে সচিবালয় কোনো ব্যাখ্যা দেয়নি। তার দাবি, সরকার সীমান্ত পরিস্থিতি, বিএসএফের কর্মকাণ্ড ও পুশইনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সংসদে আলোচনা এড়িয়ে যেতে চাইছে।
গত বুধবার দেওয়া নোটিশে তিনি সীমান্ত হত্যা, কথিত পুশইন এবং দেশের সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে কার্যকর কূটনৈতিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নিয়ে সংসদে আলোচনা দাবি করেছিলেন। রোববার অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি জানান, আলোচনার নোটিশ গ্রহণ করে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কোনো ব্যাখ্যা ছাড়াই তা স্থগিত করা হয়েছে বলে তাকে জানানো হয়।