
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই স্কাইডাইভার ছিলেন। স্থানীয় সময় রবিবার (১৪ জুন) দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা ওই বিমানটি রবিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে রানওয়ে ছাড়ার পরপরই বিমানটি প্রয়োজনীয় উচ্চতা অর্জনে ব্যর্থ হয় এবং হঠাৎ বাম দিকে মোড় নেয়। এর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে মাত্র ২০০ গজ দূরে বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর বিমানে থাকা ১২ জনের কেউই বেঁচে নেই, ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়েছে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি একটি ‘প্যাসিফিক অ্যারোস্পেস P-750’ মডেলের ছিল। দুর্ঘটনার মুহূর্তে ওই বিমানবন্দরে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ (এটিসি) সেবা চালু ছিল না বলেও এফএএ-র পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেতৃত্ব দিচ্ছে। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে কোনো স্কাইডাইভার লাফিয়ে আত্মরক্ষা করতে পেরেছিলেন কি না, তা নিশ্চিত হতে ঘটনার পরপরই আশেপাশের বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছেন উদ্ধারকর্মীরা।