
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যদিও পরে উচ্চ পর্যায়ের নির্দেশে তার প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে তিনি ভারতে না থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় আড়াই ঘণ্টা তাকে অপেক্ষায় রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
সূত্র জানায়, বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে অবহিত করেছিল দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। এরপরও বিমানবন্দরে তাকে আটকে রাখা হলে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
পরে ভারতীয় কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিলেও জাহেদ উর রহমান দিল্লিতে না থেকে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। ঘটনাটিকে ঘিরে কূটনৈতিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।