
ভারতের রাজস্থানে একটি নতুন এসইউভি গাড়িতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন আইনজীবী কীর্তি সিং। প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে কেনা হুন্ডাই আলকাজার গাড়িটির ইঞ্জিন সমস্যা, গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়া এবং বিভিন্ন কারিগরি ত্রুটির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তিনি মামলা করার সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি নতুন মোড় নেয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক দাবিকে কেন্দ্র করে। সেখানে বলা হয়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড তারকা তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, জনপ্রিয় তারকারা কোনো পণ্যের প্রচার করলে ভোক্তাদের আস্থা তৈরিতে ভূমিকা রাখেন, তাই পণ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠলে তাদের দায়বদ্ধতার প্রশ্নও সামনে আসতে পারে। অন্যদিকে অনেকেই মনে করছেন, কোনো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেই পণ্যের কারিগরি ত্রুটির জন্য তিনি আইনগতভাবে দায়ী হয়ে যান না।
তবে ভাইরাল হওয়া দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন বা সংশ্লিষ্ট গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আদালতের কার্যক্রম ও আনুষ্ঠানিক নথিপত্র প্রকাশের পরই বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র: নিউজ১৮