
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জাতীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ মে ২০২৫ তারিখে জারি করা এক পরিপত্রের মাধ্যমে ৩১ সদস্যের ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’ নতুনভাবে গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের।
এ ছাড়া স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, গৃহায়ণ, কৃষি, প্রাণিসম্পদ, তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, প্রতিরক্ষা, রেলপথ এবং বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), এনজিও বিষয়ক ব্যুরো এবং দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের চেয়ারম্যান এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর এন্টোমোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বা সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিপত্র অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হবে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, গৃহীত কার্যক্রমের পর্যালোচনা, মূল্যায়ন, তদারকি ও সমন্বয় করা। পাশাপাশি প্রয়োজনীয় গবেষণা পরিচালনা, জাতীয় নীতিমালা ও কৌশলপত্র প্রণয়ন এবং হালনাগাদের কাজও করবে কমিটি।
প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্যক্রম গ্রহণের পাশাপাশি বছরে অন্তত চারটি সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।