
সংগৃহীত ছবি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুলাই মাস থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার। পাশাপাশি সারাদেশে ‘মিড ডে মিল’ চালু এবং শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, ক্রীড়া, সংস্কৃতি, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত করতে হবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থার গতি বাড়াতে সরকার সেশনজট কমানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ড. মিলন বলেন, পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যাতে দ্রুত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে চলতি বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে ৪০০ শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।