
প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ফাইল ছবি
ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচির প্রথম ধাপে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলায় যাবেন। সেখানে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ পর্যায়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সিলেট হয়ে রাতেই ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন।