
ছবি: সংগৃহীত
দেশ-বিদেশের সীমানা পেরিয়ে ভালোবাসার টানে এবার বাংলাদেশে এসে বিয়ে করলেন সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) এক নাগরিক। সুদূর মরুভূমির দেশ থেকে এসে তিনি ধুমধাম আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার তরুণী সুবর্ণা খানের সঙ্গে। দীর্ঘদিনের পরিচয় ও গভীর প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সানন্দ উপস্থিতিতে আজ সোমবার (১৫ জুন) এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে চাকরির উদ্দেশে দুবাইয়ে যান জাজিরার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামের তরুণী সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে প্রথম পরিচয় হয় আমিরাতের নাগরিক সলেমানের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব থেকে শুরু হলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্ক গভীর প্রেমে রূপ নেয়। পরবর্তীতে পারস্পরিক বোঝাপড়া ও দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরের নাম সলেমান, যিনি দুবাই পুলিশে কর্মরত। তিনি পূর্বে বিবাহিত এবং তিন সন্তানের জনক। বিষয়টি সম্পর্কে সুবর্ণা ও তাঁর পরিবারের সদস্যরা সম্পূর্ণ অবগত রয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও পরিবারের সমর্থনে গতকাল রবিবার (১৪ জুন) রাতে উৎসবমুখর পরিবেশে গায়ে হলুদ এবং আজ সোমবার দুই হাজার অতিথির বিশাল ভোজের মধ্য দিয়ে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে নববধু সুবর্ণা বলেন, ‘আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমরা দুজনের সম্মতি ও দুই পরিবারের পূর্ণ সমর্থনে বিয়ে করেছি। নতুন জীবনের শুরুতে আমরা সবার কাছে দোয়া চাই।’ তবে প্রাতিষ্ঠানিক নিয়মের কারণে গণমাধ্যমের সামনে এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি দুবাই পুলিশে কর্মরত সলেমান।
এদিকে ভিনদেশি নাগরিকের জাজিরায় এসে বিয়ে করার এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা দেখা গেছে। ভিন্ন দুই দেশের দুই মানুষের ভালোবাসার এই সফল পরিণতি এখন পুরো এলাকাজুড়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে প্রতিবেশীরা বলেন, বিদেশী জামাইকে দেখতে সকাল থেকেই কনের বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। আমরা এই নতুন দম্পতির সুখী ও সুন্দর জীবন কামনা করি।