
সংগৃহীত ছবি
গণমাধ্যমকে দলীয় পক্ষপাত বা সরকারের তোষামোদ থেকে বেরিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে এবং দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও জানান, গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা হলে খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত, সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধি এবং গণমাধ্যম খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা কামনা করা হয়েছে।