
প্র্যাকটিসে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি
আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ যেন এক স্বস্তির সুবাতাস! চোটের সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। ইনজুরির ধাক্কা সামলে দলের মূল তারকারা ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন। আলজেরিয়া ম্যাচের আগে ফর্মেশন নিয়ে একের পর এক পরীক্ষা চালাচ্ছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার এই মহামিশনে নামার আগে কেমন হচ্ছে আর্জেন্টিনার রণপরিকল্পনা? আলজেরিয়াকে স্তব্ধ করতে কোন একাদশ নামাচ্ছেন স্কালোনি?
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইনজুরিতে জর্জরিত দল নিয়ে আর্জেন্টিনার কোচের কপালে ছিল চিন্তার ভাঁজ। যা এখন অনেকটাই কেটে গেছে। সময়ের সাথে সাথে সুখবর বাড়ছে আলবিসেলেস্তে শিবিরে। গোলপোস্টের নিচে বাজপাখি এমিলিয়ানো মার্টিনেস, মাঝমাঠের প্রাণ রদ্রিগো দে পল এবং আক্রমণভাগের অন্যতম ভরসা হুলিয়ান আলভারেস পুরোপুরি ফিট হয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে জোর কদমে চলছে আর্জেন্টিনার প্রস্তুতি। সেখানে ফর্মেশন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন কোচ স্কালোনি। অনুশীলনে তিনি গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেসকে নিয়ে চার ডিফেন্ডারের একটি রক্ষণভাগ সাজিয়ে পরখ করে নিয়েছেন।
তবে বর্তমানে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় ধাঁধাঁ আক্রমণ বা মাঝমাঠ নয়, বরং রক্ষণভাগ। কাফ মাসলের ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন নির্ভরযোগ্য লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। আর এটাই স্কালোনির জন্য বড় ভাবনার বিষয়। তাগলিয়াফিকোর জায়গায় লেফটব্যাকে কে খেলবেন? লিসান্দ্রো মার্টিনেস নাকি তরুণ ফাকুন্দো মেদিনা? সেটাই এখন দেখার বিষয়।
রক্ষণভাগে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, আর্জেন্টিনার মাঝমাঠ এবং আক্রমণভাগ কিন্তু অনেকটাই নিশ্চিত। মাঝমাঠ সামলানোর দায়িত্বে যথারীতি দেখা যাবে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো দে পলকে। আর আক্রমণভাগে বিশ্বসেরা লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেসের শুরুর একাদশে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদিও চোট কাটিয়ে দলে ফেরা হুলিয়ান আলভারেসও যেকোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দিতে প্রস্তুত।
তাগলিয়াফিকোর অনুপস্থিতি বাদ দিলে, একটি বিধ্বংসী এবং পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কোনো ছাড় না দিয়ে টুর্নামেন্টের শুরুতেই পুরো ফুটবল বিশ্বকে একটি শক্ত বার্তা দিতে চান লিওনেল মেসিরা।
আপনার কি মনে হয়, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার স্কোরলাইন কেমন হবে? লাউতারো নাকি হুলিয়ান—মেসির সাথে কাকে মূল একাদশে দেখা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস