
মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী আগামীকাল সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন।
সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।
কর্মসূচি অনুযায়ী, সিলেট বিমানবন্দর থেকে সড়ক পথে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’