
ফাইল ছবি
দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২০ তারিখে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহ জোগানো হচ্ছে। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ জাগানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’
মাঠ সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় খেলাধুলা করার জন্য মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলরক্ষক নিজে ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তাই এখন এ বিষয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’ এছাড়া বিশ্বকাপ চলাকালীন অতিরিক্ত উৎসাহী হয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন তিনি।
ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আধুনিক চিকিৎসা, পুনর্বাসন ও জরুরি জীবনরক্ষাকারী সেবার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিকেএসপির স্পোর্টস সায়েন্স বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও দ্রুত পুনর্বাসনের জন্য আধুনিক স্পোর্টস মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।