
হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ইরান গর্ব ও মর্যাদার প্রতীক।
ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ মন্তব্য করেন।
চিঠিতে নাইম কাসেম বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার ফলে ইসরায়েলকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তার দাবি, এটি ছিল ইরান-আমেরিকা সমঝোতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত।
তিনি বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি, হিজবুল্লাহ, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে অনেক কিছু দিয়েছে ইরান, কিন্তু বিনিময়ে কিছুই নেয়নি।’
কাসেম বলেন, ইরান লেবাননের জনগণকে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, ভূমি মুক্ত করার শক্তি এবং যুদ্ধবিধ্বস্ত সমাজ পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ ইরান নিজের রক্ত দিচ্ছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার জবাবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং যুদ্ধের ঝুঁকি ও বড় ধরনের ত্যাগ স্বীকার করছে।’
হিজবুল্লাহ প্রধান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, ইরান গর্ব ও মর্যাদার এক প্রতীক।’
তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্কের বড় ধরণের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।