
ফাইল ছবি
দেশের অর্থনীতিতে স্বস্তির ধারা বজায় রেখে বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই সর্বশেষ হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ যেখানে ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক cave১ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানান, সাধারণত আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বা দায়বদ্ধ তহবিল বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে প্রবাস আয় বা রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধির কারণেই রিজার্ভের পালে নতুন হাওয়া লেগেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।