
ফাইল ছবি
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি জুন মাসে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে জুনে মোট আমদানি হওয়া এলএনজির পরিমাণ দাঁড়াবে প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান জানান, জুন মাসে মোট নয়টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জুন পর্যন্ত পাঁচটি কার্গো দেশে পৌঁছেছে, যাতে প্রায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ গ্যাস রয়েছে। বাকি চারটি কার্গো স্পট মার্কেট থেকে আনা হবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, নয়টি কার্গোর মধ্যে পাঁচটি স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এবং চারটি স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হচ্ছে।
মিজানুর রহমান বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে।
আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি এবং ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও ওকিউ ট্রেডিং এলএনজি সরবরাহ করছে।
গত মে মাসে বাংলাদেশ দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি ও স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করেছিল, যাতে প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ গ্যাস ছিল।