
১৯৭৭ সালে পেপসিকো পিজ্জা হাট অধিগ্রহণ করেছিল
ক্রমাগত বিক্রি কমে যাওয়া এবং ভোক্তাদের ব্যয় সংকোচনের কারণে বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইয়াম ব্র্যান্ডস। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৭০ কোটি ডলারের চুক্তিতে পিৎজা হাটের ব্যবসা বিক্রি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে পিৎজা হাটের ব্যবসা ১২০ কোটি ডলারে কিনে নেবে ইয়াম চায়না হোল্ডিংস। আর বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবসা ১৫০ কোটি ডলারে অধিগ্রহণ করবে প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান লংরেঞ্জ ক্যাপিটাল।
বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের উচ্চ ব্যয় এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কারণে পিৎজার চাহিদা কমেছে। বিশেষ করে ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তা বাড়ায় অনেক ভোক্তা তুলনামূলক স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, লংরেঞ্জ ক্যাপিটাল একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের নিয়ন্ত্রণ পাচ্ছে, যার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে, চীনে স্থানীয় পরিচালকদের হাতে নিয়ন্ত্রণ যাওয়ায় সেখানে ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।
গত বছর কয়েক প্রান্তিক ধরে বিক্রি কমতে থাকায় ইয়াম ব্র্যান্ডস পিৎজা হাটের ভবিষ্যৎ নিয়ে কৌশলগত বিকল্প খোঁজা শুরু করে। চলতি বছরের মে মাসে লংরেঞ্জ ক্যাপিটালের সঙ্গে আলোচনা শুরু হয়। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিক্রয় প্রক্রিয়া শেষ হওয়ার আশা করা হচ্ছে।
চুক্তি সম্পন্ন হলে ইয়াম ব্র্যান্ডসের অধীনে শুধু কেএফসি ও টাকো বেল থাকবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে পেপসিকো পিজ্জা হাট অধিগ্রহণ করেছিল। পরে ১৯৯৭ সালে কেএফসি ও টাকো বেলের সঙ্গে পিৎজা হাটকে আলাদা করে যে প্রতিষ্ঠান গঠন করা হয়, সেটিই পরবর্তীতে ইয়াম ব্র্যান্ডস নামে পরিচিত হয়।