
সংগৃহীত ছবি
শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমে আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই আলজেরিয়ার জালে বল পাঠিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গেলে সমর্থকদের মনে কাতার বিশ্বকাপের সেই সৌদি আরব ম্যাচের স্মৃতি আর ভয় নতুন করে জাগতে শুরু করে।
তবে সমর্থকদের সেই সব শঙ্কা ও ভয় এক নিমেষেই উড়িয়ে দিয়েছেন খোদ মেসি। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত ও জাদুকরী শটে আলজেরিয়ার গোলকিপারকে স্তব্ধ করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফুটবিল জাদুকর।
মাঝমাঠে প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পান ৩৮ বছর বয়সী মেসি। বল পেয়েই নিজের চেনা ড্রিবলিং আর দ্রুতগতিতে আলজেরিয়ান ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে যান তিনি। এরপর তাঁর বাঁ পায়ের নেওয়া সেই চিরচেনা জোরালো শটের ফলাফল যেন আগে থেকেই লেখা ছিল। আলজেরিয়ার গোলরক্ষক অ্যান্থনি মান্ড্রেয়া সর্বোচ্চ চেষ্টা করেও বলের নাগাল পাননি, বল সরাসরি আছড়ে পড়ে জালে। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে আলবিসেলেস্তে শিবির।
ম্যাচের শুরু থেকেই অবশ্য দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। আর্জেন্টিনার গোল বাতিলের আগে আলজেরিয়ার ফরোয়ার্ড ফারিস চাইবিও আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছিলেন। তবে রেফারির বাঁশিতে সেটিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত মেসির সেই দর্শনীয় গোলেই ম্যাচে প্রথম লিড নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।