
অভিনেতা রওনক হাসান
বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি?
আমি সবসময় ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবল শৈলীর সমর্থক। ব্রাজিলের সাম্বা ছন্দ আর মাঠের সেই নান্দনিক ফুটবল আমার ভীষণ পছন্দ। তাই ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি দলের প্রতি আমার ভালোলাগা চিরকালের, আমি সবসময় ব্রাজিলেরই ভক্ত।
এবারের বিশ্বকাপে কোন দলকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে?
দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্কোয়াড বিবেচনা করলে এবারের বিশ্বকাপে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন ও জার্মানি—এই দলগুলোকে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল বলে মনে হয়েছে।
আপনার মতে, এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে?
একজন সমর্থক হিসেবে আমি সবসময় আমার দলের ওপর আস্থা রাখি। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, মাঠের রণকৌশল ঠিকঠাক রেখে যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তবে এবার ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।
আপনার চোখে সর্বকালের প্রিয় ফুটবলার কে?
বিশ্ব ফুটবলে অনেকের খেলাই মুগ্ধ করেছে। তবে যদি সর্বকালের সেরাদের তালিকা করতে হয়, তবে আমি ওপরের দিকে রাখব পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
সুযোগ পেলে কোন ফুটবলারের সঙ্গে দেখা করতে চাইবেন? আর দেখা পেয়ে একটি প্রশ্ন করার সুযোগ পেলে কি জানতে চাইবেন?
সুযোগ পেলে আমি অবশ্যই ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে দেখা করতে চাইব এবং তার সাথে প্রাণখুলে আড্ডা দিতে চাইব। একটি প্রশ্ন করে পোষাবে না। সত্যি বলতে, দেখা হলে স্পেসিফিক কোনো প্রশ্ন বা সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা আমার নেই, শুধুই সাধারণ একজন ভক্তের মতো আড্ডায় মেতে উঠব।
বিশ্বকাপের কোন স্মরণীয় ম্যাচটি আজও আপনার মনে গেঁথে আছে?
১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচটি আমার জীবনের অন্যতম স্মরণীয় ও কষ্টের ম্যাচ। ফাইনালে ব্রাজিল যখন ফ্রান্সের কাছে হেরে ট্রফি হাতছাড়া করল, সেই দৃশ্যটা আমার কাছে খুবই আবেগপ্রবণ ছিল। একজন কিশোর ভক্ত হিসেবে আমি কোনোভাবেই সেই পরাজয় সহ্য করতে পারছিলাম না। বিশেষ করে ম্যাচের আগে মাঠের জাদুকর রোনালদোর সেই বিস্ময়কর অসুস্থতার ঘটনাটি আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে।
খেলা দেখার সময় আপনি কি সাধারণ দর্শকের মতো আবেগপ্রবণ হয়ে পড়েন?
পর্দায় হয়তো আমাকে শান্ত দেখেন, কিন্তু খেলা দেখার সময় আমি এক্কেবারে সাধারণ একজন দর্শকের মতোই প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ি। প্রিয় দল গোল দিলে খুশিতে চিৎকার করে উঠি, টানটান উত্তেজনার মুহূর্তে হাত-পা ছুঁড়তে থাকি। আবার কখনো প্রিয় দল ম্যাচ হেরে গেলে ভীষণ ইমোশনাল বা আবেগতাড়িত হয়ে পড়ি।
যদি একদিনের জন্য কোনো বিশ্বকাপ দলের কোচ হওয়ার সুযোগ পেতেন, কোন দলের দায়িত্ব নিতেন?
ফুটবল দলের কোচ হওয়ার স্বপ্ন বা ভাবনা কখনো আমার মাথায় আসেনি। তবে যদি কখনো পরিস্থিতির খাতিরে বা কোনো সুযোগে আমাকে কোচের দায়িত্বে আসতেই হয়, তাহলে আমি অন্য কোনো বিশ্বখ্যাত পরাশক্তি দল নয়, অবশ্যই আমার নিজের মাতৃভূমি বাংলাদেশ দলের কোচ হতে চাইব। নিজের দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। বাংলাদেশ ছাড়া আর কোনো দলের কোচ হওয়ার ইচ্ছা নেই।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা কী বলে মনে করেন?
আমার দৃষ্টিতে এবারের ব্রাজিল দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। সেই সাথে স্কোয়াডে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল ও মার্কিনহোসের মতো বিশ্বমানের তারকা ফুটবলাররা রয়েছেন। আর সবচেয়ে বড় বোনাস পয়েন্ট হলো তরুণ উদীয়মান তারকা এনড্রিক দলের সাথে আছে। তবে শক্তির পাশাপাশি কিছু দুর্বলতাও চোখে পড়ে, বিশেষ করে দলের মিডফিল্ড বা মাঝমাঠের কিছু জায়গায় মাঝেমধ্যে যে সমন্বয়হীনতা দেখা যায়, সেটাই ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা।
ব্রাজিলের খেলা আর আপনার নাটকের লাইভ সম্প্রচার যদি একই সময়ে পড়ে, কোনটাকে অগ্রাধিকার দেবেন?
এই জায়গায় আমার উত্তর একদম পরিষ্কার আমার পেশা এবং আমার জীবনের প্রথম ভালোবাসা হচ্ছে অভিনয়। সুতরাং, অভিনয়ের ঊর্ধ্বে আমার কাছে আর অন্য কোনো কিছুই নেই। খেলাধুলা হচ্ছে আমার বিনোদন, আমার একটা ভালোলাগার জায়গা মাত্র; কিন্তু আমার জীবন এবং অস্তিত্ব জুড়ে জড়িয়ে আছে অভিনয়। সুতরাং, খেলা আর নাটকের সম্প্রচার একই সময়ে হলে, আমি সবসময় আমার অভিনয় ও কাজকেই বেশি প্রাধান্য বা অগ্রাধিকার দেব।