
ফাইল ছবি
দেশের রেলপথকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক দীর্ঘমেয়াদি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় মহাসড়কে ধাপে ধাপে এক্সপ্রেসওয়ে গ্রিড এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ওভারলোড নিয়ন্ত্রণে স্মার্ট মনিটরিং ও এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট কমাতে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়েকে জাতীয় পরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গড়ে তুলতে ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে ২৪টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ পরিকল্পনার অংশ হিসেবে দেশের সব রেলপথ পর্যায়ক্রমে ডুয়েলগেজে রূপান্তর করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও কার্যকর হয়।
এ ছাড়া রেলের সক্ষমতা বাড়াতে আগামী বছরগুলোতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।