
সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে দেশদুটির মধ্যে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে আলোচনা নির্ধারিত সূচি অনুযায়ী এগোবে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে দেশদুটির মধ্যে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
খবর আল জাজিরা।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনার লক্ষ্যে আগামীকাল শুক্রবার বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসবে। এই বৈঠকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোও অংশ নেবে।
এর আগে ইরান জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনও সরাসরি অনুষ্ঠান হবে না।
তবে সুইস সরকারের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা চালাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠকের পরিকল্পনা এখনও বহাল রয়েছে।