
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
জাতীয় সংসদে অধিবেশন চলাকালে কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ার কিংবা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এ সিদ্ধান্ত জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধিতে বর্তমানে ‘ঝুঁকিয়া’ শব্দটি নেই। অষ্টম জাতীয় সংসদে বিধিটি সংশোধনের মাধ্যমে শব্দটি বাদ দেওয়া হয়েছিল।
তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীটি সংসদে গৃহীত হয়েছিল। ফলে বর্তমান বিধি অনুযায়ী মাথা ঝুঁকিয়ে সম্মান জানানো বাধ্যতামূলক নয়।
স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধিতে ‘ঝুঁকিয়া’ শব্দটি না থাকায় সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুসরণ করে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।
উল্লেখ্য, গত ১৬ জুন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এ বিষয়ে আপত্তি তুলে বিষয়টির নিষ্পত্তি চান। তিনি দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তখন স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছিলেন।