
ফাইল ছবি
সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা সরবরাহের দাবি ঘিরে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কটাক্ষ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা সংশ্লিষ্ট সদস্যের জন্য ‘অসম্মানজনক’ হতে পারে বলে মন্তব্য করেন। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও সংসদে পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণের সমস্যা ও দাবি তুলে ধরার জায়গা সংসদ। সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন বা পর্দার মতো বিষয় আলোচনায় আসা সংসদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কৌতুক করে বলেন, প্রয়োজনে তিনি নিজেই একটি মাইক্রোওয়েভ ওভেন দেবেন এবং প্রধানমন্ত্রীর কাছে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করার অনুরোধ করবেন।
জবাবে স্পিকার জানান, জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান নিজের জন্য নয়, সংসদ সদস্যদের আবাসিক ভবনে থাকা সবার সুবিধার কথা বিবেচনা করেই বিষয়টি তুলেছিলেন। যদিও এ ধরনের বিষয় সংসদীয় কমিটিতে উত্থাপন করাই অধিক উপযুক্ত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পার্থর ব্যক্তিগতভাবে উপহার দেওয়ার প্রস্তাবও সংশ্লিষ্ট সদস্যের জন্য অসম্মানজনক হতে পারে বলে উল্লেখ করেন স্পিকার।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা অন্য কোনো সদস্যের সম্মানে আঘাত হানে। তিনি বলেন, সংশ্লিষ্ট দাবি সংসদীয় কমিটিতে জানানো যেত, তবে এ বিষয়কে কেন্দ্র করে ব্যক্তিগত মন্তব্য করাও সমীচীন হয়নি।