
ফাইল ছবি
২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত ও নামমাত্র ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ পদ্ধতিতে কোচিংনির্ভর প্রস্তুতির কোনো প্রয়োজন হবে না। ভর্তি কার্যক্রম পরিচালিত হবে ক্যাচমেন্ট এরিয়া এবং ভর্তি পরীক্ষার ফল—এই দুইয়ের সমন্বয়ে।
তিনি আরও বলেন, অতীতে ভর্তি পরীক্ষার সময় ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল। নতুন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করেই ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি বাধ্যতামূলক করে। পরে এ ব্যবস্থা বেসরকারি বিদ্যালয়েও সম্প্রসারিত হয়। ২০২১ শিক্ষাবর্ষে করোনাভাইরাস মহামারির কারণে সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি চালু হয় এবং এরপর থেকে একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল। তবে প্রায় ছয় বছর পর আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।