
বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল কানাডা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন জুভেন্টাসের স্ট্রাইকার জনাথন ডেভিড।
এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়ে ছয়টি ম্যাচের সবকটিতেই হেরেছিল কানাডা। এবার সেই হতাশার ইতিহাস মুছে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি স্বাগতিক হিসেবে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডেও নাম লেখায় দলটি। এর আগে ১৯৩৪ সালে ইতালি, ১৯৫০ সালে ব্রাজিল এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনাও স্বাগতিক হিসেবে ৬ গোলের ব্যবধানে জয় পেয়েছিল।
ম্যাচের ১৬ মিনিটে ক্লে লারিনের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর ২৯ মিনিটে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জনাথন ডেভিড। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে রাখেন তিনি।
বিরতির পর ৬৪ মিনিটে নাথান সালিবার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এরপর কাতারের মোহাম্মদ মানায়ের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৫-০। ম্যাচের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। তার দুর্দান্ত নৈপুণ্যে ৬-০ গোলের দাপুটে জয় নিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করে কানাডা।