
অবশেষে শেষ হলো বলিউডপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা। শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ‘ককটেল ২’ শুক্রবার (১৯ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রাথমিক প্রতিক্রিয়া বলছে, অ্যাকশননির্ভর বড় বাজেটের সিনেমার ভিড়ে রোমান্টিক এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ভিন্ন স্বাদের বিনোদন হিসেবে ধরা দিয়েছে।
হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’-এর সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন কিস্তিতে আধুনিক সম্পর্ক, প্রেম ও প্রতিশ্রুতির গল্পকে হাস্যরস ও আবেগের সমন্বয়ে তুলে ধরা হয়েছে। প্রথম দিনের প্রথম শোর অনেক দর্শক সিনেমাটিকে ‘ফ্রেশ’ ও ‘এন্টারটেইনিং’ বলে মন্তব্য করেছেন। অনেকের মতে, দীর্ঘদিন পর বলিউড আবারও একটি উপভোগ্য রোমান্টিক কমেডি উপহার দিল।
মুক্তির পর সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন কৃতি স্যানন। দর্শকদের মতে, আবেগঘন দৃশ্যে তাঁর অভিনয় ও পর্দায় উপস্থিতি সিনেমার অন্যতম বড় শক্তি। অনেকেই তাঁকে ছবির ‘শো-স্টিলার’ আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির অভিনয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
তবে সিনেমাটি নিয়ে সব প্রতিক্রিয়া একরকম নয়। কেউ কেউ ছবিটিকে প্রত্যাশার তুলনায় দুর্বল বলে মন্তব্য করেছেন। আবার অনেকে প্রথম দিনের প্রথম শো দেখার আগ্রহ প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। ফলে মুক্তির প্রথম দিনেই ‘ককটেল ২’ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিলেও রোমান্টিক ঘরানার সিনেমাপ্রেমীদের কাছে এটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া