
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। তীব্র সমালোচনার মুখে থাকা ‘আয়রন’ (লোহা) রঙ বাদ দিয়ে আগের ঐতিহ্যবাহী গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণের পোশাক বহাল করা হয়েছে। তবে এবার সব ইউনিটের সদস্যদের প্যান্টের রং হবে খাকি। গত বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ শুক্রবার (১৯ জুন) প্রকাশ্যে আসে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, মহানগর (মেট্রোপলিটন) পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ বা হালকা জলপাই রঙের। তবে সব ইউনিটের জন্যই আগের কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার বাধ্যতামূলক করা হয়েছে। শীতকালীন পোশাকের ক্ষেত্রেও আগের আয়রন রঙের জ্যাকেট, জার্সি ও কার্ডিগানের পরিবর্তে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। তবে মহানগর পুলিশের নারী সদস্যরা পরবেন গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ।
এছাড়া হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে। সংশোধিত বিধি অনুযায়ী, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।
এর আগে মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক পরিবর্তনের আভাস দিয়ে বলেছিলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর মধ্যে কেউ সন্তুষ্ট ছিলেন না এবং এটি মানানসই বা সর্বজনগ্রাহ্যও হয়নি। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের শুরুতে ‘আয়রন’ রঙের নতুন পোশাক নির্ধারণ করেছিল। তবে নতুন পোশাকটি নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে নানা ট্রল হওয়ায় তারা অস্বস্তি বোধ করেন।
পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’ পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানালে সরকার এই প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে যে পোশাক পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে, ২০০১-২০০৬ মেয়াদের সরকারকালেও পুলিশের একই রকম পোশাক ছিল।