
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
বিদেশি পর্যটকদের আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের জন্য সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এক ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। দেশের পর্যটন খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের (নৃগোষ্ঠী পর্যটন) বিকাশের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।”
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী আরও বলেন, “আপনাদের দাবি অনুসারে এই অঞ্চলে একটি নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠায় আমরা কাজ করব। এছাড়া বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ ও আকর্ষণ করতে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটনের মাধ্যমেই আমরা সিলেটকে বিশ্বের কাছে অনন্যভাবে তুলে ধরতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও পর্যটন খাতের অংশে কমিউনিটি ট্যুরিজম, এথনিক ও ওয়াটার ট্যুরিজম বিকাশের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে।”
তিনি আরও জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিলুপ্তপ্রায় বৈচিত্র্যময় সংস্কৃতির পুনরুদ্ধার ও একে টেকসই রূপ দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই ‘হারমোনি ফেস্টিভ্যাল’-এর আয়োজন করেছে।