
ছবি: সংগৃহীত
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ওলটপালট হয়ে গেল বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড। মরক্কোর ইসমাইল সাইবারির রেকর্ড ভেঙে ২০২৬ বিশ্বকাপ আসরের দ্রুততম গোলের নতুন কীর্তি গড়ল প্যারাগুয়ে। তুরস্কের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচ শুরুর মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে এই রেকর্ড নিজের করে নিয়েছেন প্যারাগুইয়ান মিডফিল্ডার ম্যাথিয়াস গালারজা।
আজ দিনের শুরুতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭০ সেকেন্ডে গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মরক্কোর ইসমাইল সাইবারি। তবে তার সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র ৫ ঘণ্টা। তুরস্কের বিপক্ষে মাঠে নেমেই সাইবারিকে টপকে যান গালারজা।
সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ মূলত তুরস্কের পায়েই ছিল। তবে তুর্কি ডিফেন্ডারের এক মারাত্মক ভুলে ডি-বক্সের কিছুটা বাইরে ফাঁকায় বল পেয়ে যান গালারজা। বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের এক দুর্দান্ত দূরপাল্লার শটে তুরস্কের জাল কাঁপান ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। তুর্কি গোলরক্ষক উগুরকান চাকির বাম দিকে ঝাঁপিয়ে পড়েও সেই বুলেটের মতোগতির শট রুখতে পারেননি। ফলে ম্যাচ কিছু বুঝে ওঠার আগেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তুরস্ক। পরবর্তী রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই তাদের।
উল্লেখ্য, ২০২৬ আসরের দ্রুততম গোলের রেকর্ড হাতবদল হলেও বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের দ্রুততম গোলের রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করে সেই অবিস্মরণীয় রেকর্ডটি গড়েছিলেন তুরস্কের কিংবদন্তি স্ট্রাইকার হাকান শুকুর।