
ছবি: সংগৃহীত
মুখ ঢেকে কথা বললেই সরাসরি লাল কার্ড—বিশ্বকাপ শুরুর আগে ফিফার করা এই ঐতিহাসিক ও কড়া নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের তারকা ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে এই নিয়ম ভাঙায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ২০২৬ বিশ্বকাপে এর আগে একাধিক লাল কার্ড দেখা গেলেও, মুখ ঢাকার নতুন নিয়মে এটাই ফুটবল ইতিহাসের প্রথম বহিষ্কারের ঘটনা।
প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩ মিনিট) মাঠের ভেতর দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটি উত্তপ্ত ও সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি যখন চেষ্টা করছিলেন, ঠিক তখনই তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলতে যান আলমিরন। আর তখনই তিনি নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন।
রেফারির চোখে বিষয়টি এড়ায়নি। মাঠের লাইভ সিদ্ধান্তে শতভাগ নিশ্চিত হতে তিনি তৎক্ষণাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সহায়তা নেন। ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সাবেক নিউক্যাসল ইউনাইটেড তারকা ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলছিলেন। নিয়ম অনুযায়ী রেফারি পকেট থেকে সরাসরি লাল কার্ড বের করে আলমিরনকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। রেফারির এমন সিদ্ধান্তে আলমিরনসহ প্যারাগুয়ে শিবির চরম বিস্ময় প্রকাশ করে প্রতিবাদ জানালেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে।
২০২৬ বিশ্বকাপের আগে ফিফা তাদের খেলোয়াড়দের আচরণবিধিতে এই বড় পরিবর্তনটি এনেছে। মূলত মাঠে প্রতিপক্ষ, রেফারি বা অন্য কারোর সাথে কথা বলার সময় ঠোঁট পড়া এড়াতে খেলোয়াড়রা প্রায়ই মুখ ঢেকে গোপন বা আপত্তিকর কিছু বলে থাকেন। এই প্রবণতা ও গোপন কূটকৌশল বন্ধ করতেই হাত বা জার্সি দিয়ে মুখ ঢাকা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে ফিফা।
এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিভিন্ন অপরাধে ৩টি লাল কার্ড দেখা গিয়েছিল। তবে ফিফার এই সুনির্দিষ্ট আচরণবিধি ভাঙার দায়ে আলমিরনই ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন। এর আগে ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে ম্যাথিয়াস গালারজার করা রেকর্ড গোল দিয়ে এগিয়ে গিয়েও প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে।