
বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি?
আমি আর্জেন্টিনা সমর্থক। মূলত লিওনেল মেসির জন্যই আমি এই দলটির ফ্যান। আমার চোখে মেসি অনন্য এক ফুটবলার। যে দলে মেসির মতো একজন জীবন্ত কিংবদন্তি খেলেন, সেই দলকে সমর্থন করার জন্য আসলে অন্য কোনো বাড়তি কারণের প্রয়োজন হয় না।
এবারের বিশ্বকাপে কোন কোন দলকে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে?
এবারের আসরে বেশ কয়েকটি দল দারুণ ফর্মে আছে। তবে শক্তিশালী দলগুলোর তালিকা করলে সবার আগেই রাখতে হবে আর্জেন্টিনাকে। এছাড়া জার্মানি, ফ্রান্স এবং স্পেনকেও মাঠের পারফরম্যান্সে ভীষণ শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে।
প্রেডিকশান করেন, বিশ্বকাপে এবার কোন দল চ্যাম্পিয়ন হবে?
আমি যেহেতু আর্জেন্টিনার ভক্ত, তাই স্বাভাবিকভাবেই মন থেকে চাইবো এবারও আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হোক। গতবারের বিশ্বজয়ী এই দলটি এবারও ট্রফি জিতে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে নতুন করে নাম লেখাবে এটাই আমার বিশ্বাস।
ফুটবল ইতিহাসে আপনার সর্বকালের প্রিয় ফুটবলার কে?
ফুটবল বিশ্বে রোনালদিনহো কিংবা রবার্তো কার্লোসের মতো কিংবদন্তি ফুটবলাররা এসেছেন, যাদের খেলা দেখে কোটি কোটি মানুষ মুগ্ধ হয়েছেন। তবে আমার কাছে সব সেরাদের সেরা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হলেন লিওনেল মেসি।
পুটবল নিযে কোন স্বপ্ন বা ইচ্ছে আছে?
লিওনেল মেসির সাথে দেখা করার ইচ্ছে আছে। আর সামনাসামনি তাকে পেলে আমার প্রথম প্রশ্ন হতো ‘আচ্ছা, আপনি কি রাতে সাধারণ মানুষের মতো ঘুমান, নাকি ঘুমের মধ্যেও ফুটবল খেলেন?’ কারণ ঘুমের মধ্যেও ফুটবল নিয়ে না ভাবলে, এই বয়সে এসেও একটা মানুষ কীভাবে মাঠের ভেতর এমন অতিমানবীয় আর অসাধারণ ফুটবল খেলতে পারে, তা আমার মাথায় আসে না।
বিশ্বকাপের কোন স্মরণীয় ম্যাচ?
নিঃসন্দেহে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই রুদ্ধশ্বাস ম্যাচটি দেখার সময় একপর্যায়ে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। ফুটবলে যে এত বড় থ্রিলার বা নাটকীয়তা সম্ভব, তা ওই ম্যাচটি না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। ওটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ।
খেলা দেখার সময় আপনি কি আর দশজন সাধারণ দর্শকের মতো?
একদম জেনুইন ফ্যান। যেমন গত কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা যখন টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হলো, আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম। খেলা দেখার ওই মুহূর্তগুলোতে আমার মাথায় বিন্দুমাত্র থাকে না যে আমি একজন অভিনেতা; তখন আমি আর দশজন সাধারণ ফুটবল ভক্তের মতোই আচরণ করি।
একদিনের জন্য যদি কোনো বিশ্বকাপ দলের কোচ হওয়ার সুযোগ পান তাহলে কোন দলকে বেছে নেবেন?
এক্ষত্রে অবশ্য আর্জেন্টিনা না, আমি পর্তুগাল দলের কোচ হতাম। আমার মনে হয় পর্তুগাল দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, কিন্তু দল হিসেবে মাঠে কোথাও যেন একটা বড় কমতি থেকে যায়। সেই ঘাটতি পূরণের জন্যই আমি দলটির দায়িত্ব নিতাম।