
সংগৃহীত ছবি
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এই জয়ের পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশিদের প্রতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না।’
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগের রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের পর এবারই প্রথম আসরের শুরুতে টানা দুই ম্যাচে জয় পেল দলটি।
বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, এই জয়ের আনন্দ ভাগাভাগি করতেই তিনি এসেছেন এবং বাংলাদেশের মানুষকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করার আহ্বান জানান। দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে মন্তব্য এড়িয়ে তিনি ফুটবল নিয়েই বেশি কথা বলেন।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আগের দিন অনুষ্ঠিত এ বৈঠককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ‘রুটিন সাক্ষাৎ’ বলে উল্লেখ করেছেন। রোববার শুরু হওয়া ছয় দিনের সফরে প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনসহ একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।