
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান শাহর শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। এ সময় তাদের হাতে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। তার অকাল মৃত্যু আজও কোটি ভক্তের হৃদয়ে গভীর বেদনার কারণ হয়ে আছে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় এখনো কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত হয়নি।” মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সাধারণ ভক্তদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
কর্মসূচি থেকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন এবং মামলাটির দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, এই বহুল আলোচিত মামলার ন্যায়সঙ্গত সমাধান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই কেবল জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব।
শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পর আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহ হত্যা মামলার চূড়ান্ত ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত ভক্তদের এই আন্দোলন ও কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।