
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে নিজের বাবাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করার বক্তব্যটি ভুলবশত ও অসাবধানতাবশত এসেছে বলে জানিয়েছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
শনিবার (২০ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার আগের বক্তব্যের ব্যাখ্যা দেন এবং বলেন, বিষয়টি ইতোমধ্যে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকারকে অবহিত করা হয়েছে।
এমপি আব্দুল মুনতাকিম দাবি করেন, তার পরিবারে একাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি সংসদে একটি প্রতীকী বক্তব্য দিয়েছিলেন। তিনি জানান, মামা, চাচা, খালু ও ফুপুদের পরিবারের অনেক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ত্যাগ স্বীকার করেছেন।
তবে বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি। তার ভাষায়, ওই বক্তব্য “অসাবধানতাবশত” চলে এসেছে।
এর আগে ১৪ জুন বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, তার পরিবার মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সময় তিনি বলেন, তার বাবা ও দাদা শহীদ এবং পরিবারের বহু সদস্য মুক্তিযোদ্ধা ছিলেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।