
সংগৃহীত ছবি
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাউথ্যাম্পটনের রোজ বোলে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের পুঁজি গড়ে টাইগ্রেসরা। জবাবে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ১০০ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে টাইগ্রেসরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৬ রান করে আউট হন অধিনায়ক।
উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে কন্ডিশন বিবেচনায় দুর্দান্ত ও বিধ্বংসী ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। এই তরুণ ব্যাটার ক্রিজে রীতিমতো ঝড় তোলেন। শেষ পর্যন্ত ৫টি চারের সাহায্যে মাত্র ২২ বলে ৩৯ রানের এক অপরাজিত ঝড়ো ইনিংস খেলে দলকে ১২৩ রানের লড়াকু পুঁজি এনে দেন তিনি।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভারটিই ‘মেইডেন’ নেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। তবে প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। উইকেটে জমে যাওয়া ৪৯ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন স্পিনার নাহিদা আক্তার।
এরপর দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ সাজান অধিনায়ক জ্যোতি। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলারা দারুণ নিয়ন্ত্রিত ও মিতব্যয়ী বোলিং করায় রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হয় পাকিস্তানি ব্যাটারদের। রান তোলার প্রচণ্ড চাপে পড়ে শেষদিকে চড়াও হওয়ার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু টাইগ্রেস স্পিনারদের তোপের মুখে উল্টো দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায় তারা। ফলে ২৩ রানের এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা ৩টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ১২৩/৬ (২০ ওভার); স্বর্ণা ৩৯*, জ্যোতি ৩৬, সোবহানা ২২; ফাতেমা সানা ২/১৮।
পাকিস্তান নারী দল: ১০০/৮ (২০ ওভার); মুনিবা ২৫, গুল ফিরোজা ২৩; নাহিদা ৩/১৮, সানজিদা ৩/২১।
ফল: বাংলাদেশ ২৩ রানে জয়ী।