
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চূড়ান্ত কোনো চুক্তি না হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে টোল আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবেই এই টোল আদায় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে এবং এর মাধ্যমে আদায় হওয়া অর্থ সরাসরি মার্কিন তহবিলে জমা হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিরাপত্তা দিয়ে আসছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, এ নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটনের বিপুল অর্থ ব্যয় হয়েছে। সেই ব্যয়ের একটি অংশ পুনরুদ্ধারের লক্ষ্যেই টোল আরোপের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই কৌশলগত জলপথে টোল আরোপের হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।