
তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে ৩৫টিতেই রেড অ্যালার্ট জারির প্রস্তুতি নিয়েছে প্রশাসন
তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে ৩৫টিতেই রেড অ্যালার্ট জারির প্রস্তুতি নিয়েছে দেশটির প্রশাসন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্যারিস অঞ্চল হয়ে বারগান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় তা ৪১ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় সংকটকালীন বৈঠকের পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু রোববার (২১ জুন) অনুষ্ঠিতব্য বার্ষিক ফেতে দ্য লা মিউজিক উৎসবসহ অন্যান্য জনসমাগমমূলক অনুষ্ঠানে অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তবে প্যারিস কর্তৃপক্ষ শহরের পার্কগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে।
এদিকে ফ্রান্সের পাশাপাশি জার্মানির বেশির ভাগ এলাকাতেও তীব্র গরমের কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে। দেশটিতে তাপমাত্রা ইতিমধ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। জার্মানির আবহাওয়া অধিদপ্তর ডিডব্লিউডি সতর্ক করে জানিয়েছে, এই তীব্র গরম ও আর্দ্রতার কারণে দেশটিতে মারাত্মক বজ্রঝড় হতে পারে।