
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে অবতরণ করেন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ভিভিআইপি টার্মিনালে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা।
এরপর বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নেওয়া হয়, যেখানে তিনি সফরকালীন অবস্থান করবেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত সড়কপথে দুই দেশের পতাকায় সজ্জিত করা হয় পুরো এলাকা।

এটি ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম মালয়েশিয়া সফর। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আগামী সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।
সফরে পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
সূত্র: বাসস